পদ্মা সেতু সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে সেতুর মাওয়া প্রান্তের ঢাকামুখী লেনের ঢালে (র্যামে) ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’ নামের একটি পরিবহন নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটি মাগুরা থেকে যাত্রী নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। স্থানীয় সূত্র ও উদ্ধারকর্মীরা জানান, মাওয়া প্রান্তের ঢাল বেয়ে নামার সময় দ্রুতগতির বাসটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে থাকা রেলিংয়ে জোরালো ধাক্কা দিয়ে সড়কের ওপর উল্টে যায়।
খবর পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশন এর দুটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন।
এই দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মাগুরা সদরের সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার রেবেকা খাতুন (৪০) এবং দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০)। এ ছাড়া মাগুরার শিশু ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের কিশোর আরাফাত (১৩) আহতদের তালিকায় রয়েছেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের তাত্ক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।




























