শিক্ষার্থীদের নিরাপদ, আরামদায়ক ও সময়সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) চালু করা হয়েছে ১৮টি নতুন এসি বাস। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ পরিবহনসেবার উদ্বোধন করা হয়।
ঢাকার গুরুত্বপূর্ণ ছয়টি রুটে চলাচল করবে নতুন বাসগুলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছানোও সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।
হাসান মাহমুদ রাজা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তাদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধার বিষয়েও ইউআইইউ গুরুত্ব দিয়ে থাকে। নতুন এসি বাস চালুর ফলে শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা বাড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
মইনুদ্দীন হাসান রশীদ বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ পরিবেশ তৈরিতে ইউনাইটেড গ্রুপ কাজ করে যাচ্ছে। নতুন পরিবহনসেবার মাধ্যমে শিক্ষার্থীরা আরামদায়ক যাতায়াতের পাশাপাশি সময়ও বাঁচাতে পারবেন।
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। নতুন বাসসেবা তাদের দৈনন্দিন যাতায়াতের চাপ কমিয়ে পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর থেকেই শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস ও বিভিন্ন রুটে ভর্তুকি দিয়ে পরিবহনসেবা চালু রয়েছে। শিক্ষার্থীদের সুবিধা আরও বাড়াতেই এবার ১৮টি এসি বাস যুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


























