মালিনী শর্মা নামটি শুনলেই অনেকের মনে পড়ে ২০০২ সালের জনপ্রিয় হরর সিনেমা ‘রাজ’-এর কথা। বিপাশা বসু ও ডিনো মোরিয়ার সঙ্গে অভিনয় করে প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। সাফল্যের পর অনেকেই ভেবেছিলেন, বলিউডে এবার দীর্ঘ পথ পাড়ি দেবেন নতুন এই অভিনেত্রী। কিন্তু সেই প্রত্যাশার বিপরীতে ‘রাজ’-এর পরই বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন মালিনী শর্মা। প্রায় ২৪ বছর পর তিনি জানালেন, কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন থেকে সরে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন মালিনী। তাঁর বক্তব্য অনুযায়ী, ক্যারিয়ারে ব্যর্থতা বা কোনো বিতর্কের কারণে তিনি সিনেমা ছাড়েননি। বরং সন্তানদের বড় করে তোলার সময়টিকে জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় মনে করেছিলেন। শুটিং ও পেশাগত ব্যস্ততার কারণে সন্তানদের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলতে চাননি তিনি। তাই তারকাখ্যাতির চেয়ে পরিবারকে অগ্রাধিকার দিয়েছিলেন এই অভিনেত্রী।
সিনেমা থেকে দূরে সরে যাওয়ার পর মালিনীর জীবনও বদলে যায়। ক্যামেরার সামনে নিয়মিত দেখা না গেলেও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ধীরে ধীরে নিজের জন্য তৈরি করেন সম্পূর্ণ আলাদা একটি জীবনধারা। বর্তমানে ভারতের সাহ্যাদ্রি পাহাড়ঘেরা এলাকায় একটি ফার্মস্টে পরিচালনা করছেন মালিনী। ‘দ্য স্লো লোকাল’ নামের সেই উদ্যোগে প্রকৃতি, স্থানীয় সংস্কৃতি এবং টেকসই জীবনযাপনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মালিনীর ফার্মস্টেতে গিয়ে অতিথিরা শুধু থাকার সুযোগই পান না, বরং স্থানীয় খাবার, কৃষিকাজ ও প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর অভিজ্ঞতাও পান। ব্যস্ত শহুরে জীবনের বাইরে ধীরগতির জীবন উপভোগ করাই এই উদ্যোগের অন্যতম আকর্ষণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের বর্তমান জীবনযাপনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন মালিনী। ফলে অভিনয় থেকে বহু দূরে থাকলেও নিজের তৈরি এই জগতের মাধ্যমে তিনি নতুনভাবে মানুষের কাছে পৌঁছেছেন।
সম্প্রতি মালিনীর বর্তমান জীবন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে আগ্রহ বেড়ে যায়। কয়েক শ থেকে তাঁর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা দ্রুত কয়েক হাজারে পৌঁছে যায়। তাঁর প্রকাশিত ভিডিওগুলোও বিপুল মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। এমনকি ফার্মস্টেতে থাকার বিষয়ে ফোন, বার্তা ও বুকিংয়ের অনুসন্ধানও বাড়তে থাকে। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকার পরও দর্শকরা তাঁকে মনে রেখেছেন—বিষয়টি মালিনীর কাছেও ছিল বেশ বিস্ময়কর। তিনি এই আগ্রহকে দর্শকদের ভালোবাসা হিসেবেই দেখছেন।
তাহলে কি আবার অভিনয়ে ফিরবেন মালিনী শর্মা? এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি অভিনেত্রী। তাঁর কথায়, অভিনয়ের প্রতি ভালোবাসা এখনও রয়েছে। তবে শুধুমাত্র পর্দায় ফেরার জন্য তিনি কোনো সিদ্ধান্ত নিতে চান না। এমন কোনো চরিত্র বা গল্প যদি সামনে আসে, যা তাঁকে সত্যিই আকৃষ্ট করবে এবং নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে, তাহলে অভিনয়ে ফেরার কথা ভাববেন। তাই ‘রাজ’-এর পর দীর্ঘ বিরতিতে থাকা মালিনী শর্মাকে আবার বড় পর্দায় দেখার সম্ভাবনার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি।























