রোমান্টিক সিনেমায় অভিনয়ের জন্য বেশি পরিচিত রাশমিকা মান্দানা। তবে তাঁর নতুন সিনেমা ‘মাইসা’র টিজার প্রকাশের পর সেই পরিচিত ভাবমূর্তির বাইরে একেবারেই ভিন্ন রূপে দেখা গেছে অভিনেত্রীকে। কাস্তে হাতে লড়াই, মোটরসাইকেল চালানো থেকে শুরু করে পানির নিচে প্রতিপক্ষের সঙ্গে মারামারি, সবকিছুতেই নজর কেড়েছেন তিনি।
রোববার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘মাইসা’র প্রথম টিজার। নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে রাশমিকাকে দেখা যাবে এক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও হার না মানা এক নারীর গল্পের আভাস পাওয়া গেছে টিজারে।
টিজারের শুরুতে রাশমিকার চরিত্রকে বলতে শোনা যায়, তিনি ক্লান্ত, থেমে গেছেন এবং হেরে গেছেন। এরপরই বদলে যায় পুরো পরিস্থিতি। হতাশা পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়ান তিনি। সামনে যত বাধাই আসুক, লড়াই করে নিজের পথ তৈরি করার দৃঢ়তা দেখা যায় চরিত্রটির মধ্যে।
টিজারে রাশমিকাকে কাস্তে হাতে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে। বিভিন্ন দৃশ্যে রয়েছে তীব্র মারামারি ও শারীরিক লড়াই। কোথাও প্রতিপক্ষকে আঘাত করছেন, কোথাও আবার ভয়ংকর কায়দায় মোকাবিলা করছেন শত্রুদের। এর পাশাপাশি মোটরসাইকেল চালানোর দৃশ্যও রয়েছে।
তবে সবকিছুকে ছাপিয়ে নজর কেড়েছে পানির নিচের অ্যাকশন দৃশ্য। সেখানে একাধিক প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে দেখা গেছে রাশমিকাকে। এর আগে এমন অ্যাকশননির্ভর চরিত্রে তাঁকে খুব বেশি দেখা যায়নি। ফলে টিজার প্রকাশের পর তাঁর নতুন অবতার নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এই চরিত্রের জন্য শারীরিকভাবেও কঠোর প্রস্তুতি নিতে হয়েছে রাশমিকাকে। শুটিংয়ের সময় গুরুতর চোটও পেয়েছিলেন তিনি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তাঁর টেনডন বা পেশির সঙ্গে হাড়কে যুক্ত রাখা টিস্যু ছিঁড়ে যায়। চোটটি বেশ যন্ত্রণাদায়ক ছিল বলেও জানিয়েছিলেন তিনি।
টিজারে অবশ্য সেই পরিশ্রমের ছাপ স্পষ্ট। সাধারণ বাণিজ্যিক সিনেমায় নায়িকাদের যে গ্ল্যামারনির্ভর উপস্থিতি দেখা যায়, ‘মাইসা’য় রাশমিকার চরিত্রে তার বদলে গুরুত্ব পেয়েছে শক্তি, সাহস ও লড়াইয়ের মানসিকতা। চরিত্রটির মাধ্যমে ভিন্ন ধরনের অভিনয় দেখানোর সুযোগ পেয়েছেন অভিনেত্রী।
টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যেও সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। ইউটিউবে টিজারের মন্তব্যে অনেকেই রাশমিকার অ্যাকশন অবতার ও নারীপ্রধান গল্পের প্রশংসা করেছেন। বিশেষ করে গ্ল্যামারের বাইরে অভিনেত্রীর অভিনয় ও চরিত্রনির্ভর উপস্থিতি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন দর্শকেরা।
‘মাইসা’য় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।
সিনেমাটি আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে ‘মাইসা’।
রাশমিকাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। ১৯ জুন মুক্তি পাওয়া হিন্দি রোমান্টিক কমেডি ড্রামা সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শহীদ কাপুর ও কৃতি শ্যানন।



























