চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে “লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যে পূবালী ব্যাংক পিএলসি চন্দনাইশ শাখার উদ্যোগে ‘ক্যাশলেস রওশনহাট’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রওশনহাট হাজী বাদশা মার্কেটে বর্ণাঢ্য র্যালি, বেলুন উড়ানো ও মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি চন্দনাইশ শাখার ব্যবস্থাপক এ.ই.এম. রিয়াজুল হাসান। প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক জনাব অভিজিৎ ভট্টাচার্য।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোনাফ সওদাগর, আজিজুর রহমান, আব্দুল করিম মুন্সী। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন।
সভায় কিউআর পেমেন্ট, পস মেশিন, পাই ব্যাংকিং অ্যাপস, সিআরএম, এটিএম, কিয়স্ক, আরটিডিএম, ডিজিটাল সার্ভিস সেন্টার এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে আরও সম্পৃক্ত করা এবং নগদবিহীন অর্থনীতি বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।

























