সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে ২১ সেপ্টেম্বর অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী। প্রায় দুই বছর পর তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী জ্যেষ্ঠ আইনজীবী ও মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সন্তান। ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি ২০০৫ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
পরবর্তী সময়ে ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী। দীর্ঘ আইন পেশার অভিজ্ঞতার পর ২০২৪ সালে তিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পান।



























