ব্যালন ডি’অরের দৌড়ে শেষ মুহূর্তে বড় পরিবর্তন দেখা দিয়েছে। পুরস্কার ঘোষণার আগে সম্ভাবনার হিসাব পাল্টে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, কয়েকটি বড় বুকমেকারের হিসাবে পিছিয়ে পড়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। কিলিয়ান এমবাপ্পেও এখনো শীর্ষ লড়াইয়ে রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, এবারের ব্যালন ডি’অর জয়ের লড়াই মূলত তিনজনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তারা হলেন ইয়ামাল, কেইন ও এমবাপ্পে। তবে পুরস্কার ঘোষণার আগে বাজির হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছেন কেইন। তার পক্ষে গড় বাজির দর ১.৩৫, যা তাকে স্পষ্ট ফেভারিট হিসেবে তুলে ধরছে।
অন্যদিকে ইয়ামালের অবস্থানে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগায় ১৬ গোল করার পাশাপাশি ১১টি গোলে সহায়তা করেছিলেন এই তরুণ তারকা। তার পারফরম্যান্সের ওপর ভর করে লিগ শিরোপাও ধরে রেখেছিল বার্সেলোনা। এর সঙ্গে স্প্যানিশ সুপার কাপ জয় এবং স্পেনের হয়ে ২০২৬ বিশ্বকাপ জয়ের কৃতিত্বও রয়েছে তার। এসব সাফল্যের কারণে ব্যালন ডি’অরের ভোটে ইয়ামাল এগিয়ে থাকবেন বলেই ধারণা করা হচ্ছিল।
কিন্তু পুরস্কার ঘোষণার আগে বাজির বাজারে সেই চিত্র বদলে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের পক্ষে বাজির দর ৩.২৫ থেকে বেড়ে ৬.০০ হয়েছে। সাধারণত বাজির দর বেড়ে যাওয়ার অর্থ হলো সংশ্লিষ্ট খেলোয়াড়ের জয়ের সম্ভাবনা নিয়ে বাজারে আস্থা কমেছে। তবে এই ধরনের হিসাব কোনোভাবেই পুরস্কারের চূড়ান্ত ফল নিশ্চিত করে না।
এদিকে হ্যারি কেইনের পক্ষে বাজির বাজারে যে পরিবর্তন এসেছে, তার পেছনে তার দুর্দান্ত মৌসুমের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বায়ার্ন মিউনিখের হয়ে ইংলিশ এই স্ট্রাইকার দারুণ সময় কাটিয়েছেন। প্রতিবেদনের দাবি অনুযায়ী, সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছেন তিনি। এমন পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অরের দৌড়ে শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
কেইনের পক্ষে বাজির বাজারের পরিবর্তনের সঙ্গে ‘১০০ মার্কা’ পুরস্কারে তার সাম্প্রতিক সাফল্যের কথাও সামনে এসেছে। আন্তর্জাতিক সাংবাদিক, সাবেক ফুটবলার ও কোচদের নিয়ে গঠিত বিচারক প্যানেলের ভোটে শীর্ষে ছিলেন বায়ার্নের এই তারকা। সেখানে ৩ হাজার ৯৬২ পয়েন্ট পেয়ে প্রথম হন কেইন।
এই ভোটে খুব বেশি পিছিয়ে ছিলেন না ইয়ামাল। ৩ হাজার ৯৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন বার্সেলোনার তরুণ উইঙ্গার। অর্থাৎ কেইনের চেয়ে মাত্র ২৫ পয়েন্ট কম পেয়েছেন তিনি। কিলিয়ান এমবাপ্পে ৩ হাজার ৪৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন।
তবে ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারণে শুধু বাজির বাজার বা অন্য কোনো পুরস্কারের ফল চূড়ান্ত ভূমিকা রাখবে না। শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে কে পুরস্কারের মঞ্চে উঠবেন। ফলে শেষ মুহূর্তে কেইন এগিয়ে থাকলেও ইয়ামাল বা এমবাপ্পের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।
ইয়ামাল ব্যালন ডি’অর জিতলে সেটি হবে নতুন ইতিহাস। ১৯ বছর বয়সী এই বার্সেলোনা উইঙ্গার পুরস্কারটির ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হবেন। বর্তমানে এই রেকর্ড রয়েছে সাবেক বার্সেলোনা স্ট্রাইকার রোনালদোর দখলে। ১৯৯৭ সালে ২১ বছর বয়সে ব্যালন ডি’অর জিতেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। ফলে পুরস্কার ঘোষণার আগে বাজির বাজারে হ্যারি কেইন এগিয়ে গেলেও শেষ হাসি কে হাসবেন, সেটিই এখন দেখার বিষয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন