ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে প্রায় দুই হাজার মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় ছয় শতাধিক রোগীর ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করার কথা জানিয়েছেন আয়োজকেরা।
শনিবার (২৪ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর উচ্চবিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়। প্রথম দিনের কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই প্রায় দুই হাজার মানুষ চোখের চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে ছয় শতাধিক রোগীর ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়া হবে। আর্থিক সংকটের কারণে যাঁরা দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে পারছিলেন না, তাঁদের জন্য এ উদ্যোগ বিশেষ সুযোগ তৈরি করেছে।
চিকিৎসাসেবা নিতে আসা শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের লাভলী বেওয়া জানান, অর্থের অভাবে এত দিন তাঁর চোখের অস্ত্রোপচার করানো সম্ভব হয়নি। বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি জাইমা রহমান, তারেক রহমান ও মীর শাহে আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে রোববার (২৫ অক্টোবর) শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে ছয় শতাধিক মেধাবী ছাত্রীকে বিনা মূল্যে বাইসাইকেল উপহার দেওয়ার কর্মসূচি রয়েছে। মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের এ উপহার দেওয়া হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।
আয়োজকদের ভাষ্য, অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
চোখের চিকিৎসা থেকে শুরু করে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা তৈরি- দুই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে মীর শাহে আলম ফাউন্ডেশন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন