মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখছেন। শরিয়াহ অনুযায়ী হালাল-হারামের বিষয়ে আরও কঠোর নজরদারি করা হবে।
অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
এর আগে সম্মেলনে দেশের ইমাম সমাজকে উসকানিমূলক বক্তব্য পরিহার করে সুন্দর ও মার্জিত ভাষায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
এ সময় খুতবায় সমাজের অসংগতি, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধের বিষয়গুলো তুলে ধরার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন