দেশের সব কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ‘ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার’ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি জেলা ও উপজেলা হাসপাতালগুলোর চিকিৎসক সংকট নিরসন, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অবকাঠামো উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানান তিনি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আকস্মিক সফরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সকালে তিনি ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী। রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও শৌচাগারের অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন।
হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জ ও চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
পরিদর্শনের সময় চিকিৎসকদের হাজিরা রেজিস্টারে অনেককে অনুপস্থিত দেখতে পান মন্ত্রী। পরে রেজিস্টারটি সঙ্গে নিয়ে যান। গাইনি ওয়ার্ডে এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে হওয়ায় এর কারণ জানতে চান তিনি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই রোগীকে স্যালাইন কেনার জন্য এক হাজার টাকা দেন। হাসপাতালের অগ্নিকাণ্ডের এক মাস পরও তদন্ত প্রতিবেদন জমা না পড়ার কারণও জানতে চান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া লোকবল সংকটে বন্ধ থাকা শিশুদের আইসিইউ সেবা এক সপ্তাহের মধ্যে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ, পাঁচটি রোবটিক সার্জারি ব্যবস্থা চালু এবং পাঁচ হাজার নার্স নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসবের হার বাড়ানো এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন