দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী চাকরিমেলায় আবেদন করে একই দিনে চাকরি পেয়েছেন প্রায় ৩ হাজার চাকরিপ্রার্থী। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ মেলায় ৮৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকদের তথ্যমতে, চাকরির জন্য আবেদন করেন প্রায় ৯১ হাজার প্রার্থী।
মেলায় অংশ নিয়ে পেজ এগ্রোভেটে মার্কেটিং অফিসার পদে চাকরি পেয়েছেন বিরামপুরের কাটলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সরোয়ার মোর্শেদ আহমেদ। তিনি জানান, সকালে সাতটি প্রতিষ্ঠানে আবেদন করে দুপুরে চাকরি পান। সন্ধ্যায় সমাজকল্যাণমন্ত্রী তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। একই প্রতিষ্ঠানে তাঁর মতো আরও ৩৭ জন নিয়োগ পেয়েছেন।
এ ছাড়া স্টেডফাস্ট কুরিয়ারে ১ হাজার ১০০ জন, দ্য একমি ল্যাবরেটরিজে ৩৫ জন, নাভানা ফার্মায় ২৫ জন এবং নগদে দুজন চাকরি পেয়েছেন। নর্দান মেডিকেল কলেজে নিয়োগ দেওয়া হয়েছে ১৫ জন নার্স ও একজন চিকিৎসককে।
নাভানা ফার্মার বিরামপুর এরিয়ার সিনিয়র ম্যানেজার শাহিনুর রহমান জানান, তাঁদের প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে ২৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী তিন মাসে আরও প্রায় ৪০০ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে এ চাকরিমেলার আয়োজন করা হয়। আহ্বায়কের দায়িত্ব পালন করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন।
মেলা শেষে নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে শ্রমবাজারের সঙ্গে যুক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন