চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে যাত্রীবাহী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী প্রাইভেট কারের চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া সরকারি কলেজের উত্তর পাশে মহাসড়কের উপর চন্দনাইশ ব্র্যাক আঞ্চলিক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা সৈয়দ মো. রিদোয়ান (৪৫), সৈয়দ মো. মনজুর (১৩), জান্নতুল আফরা (৭) ও মোছাম্মৎ আনিস খাতিজা (৩৫) এবং প্রাইভেটকারের চালক মো. আনোয়ার (৩২)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ মো. রিদোয়ানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে আগত মারসা বাস (চট্টমেট্রো-ব-১১-১২১৩) নির্ধারিত লেন অতিক্রম করে ওভারটেক করার সময় চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী একটি প্রাইভেটকারের (চট্টমেট্রো-গ-১২-৬০৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও প্রাইভেট কারটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছবির ক্যাপশন: চন্দনাইশে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে যায়।
মো. নুরুল আলম



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন