সরকারি প্রতিষ্ঠানে চাকরি, মাসে বেতন প্রায় 

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে একজন যোগ্য প্রার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থী মাসে মূল বেতন পাবেন ১ লাখ ৪৯ হাজার টাকা। পাশাপাশি বাড়িভাড়া ও বিভিন্ন উৎসব ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম ও নিয়োগের ধরন

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এটি একটি চুক্তিভিত্তিক পদ। প্রাথমিকভাবে সর্বোচ্চ তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। পরে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এ পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই আবেদন করার আগে প্রার্থীদের নিজেদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করে নেওয়া প্রয়োজন।

কত বছরের অভিজ্ঞতা লাগবে

সরকারি খাতে কর্মরত প্রার্থীদের বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন। বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে কর্মরত প্রার্থীদেরও কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উপমহাব্যবস্থাপক বা সমমানের পদে কিংবা এর চেয়ে উচ্চ পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেসরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন অথবা বিতরণ প্রতিষ্ঠানে পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা কিংবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ৭ অক্টোবর ২০২৬ তারিখে ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত বয়সসীমার বাইরে থাকা প্রার্থীরা আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তগুলো ভালোভাবে দেখে নেবেন।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে মাসিক মূল বেতন ১ লাখ ৪৯ হাজার টাকা। এর সঙ্গে মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া দেওয়া হবে। এ ছাড়া বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ

প্রাথমিক নিয়োগের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। নির্ধারিত শর্ত অনুযায়ী, সর্বোচ্চ ৬৫ বছর বয়সসীমা সাপেক্ষে আরও দুই দফায় তিন বছর করে চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে। অর্থাৎ, বয়সসীমা ও প্রযোজ্য শর্ত পূরণ করলে দীর্ঘ মেয়াদে এ পদে কাজ করার সুযোগ থাকতে পারে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া অনলাইন আবেদনব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা। ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট অথবা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের মাধ্যমে এ ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

ডিপিডিসির নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে আবেদন করার শেষ সময় ৩ নভেম্বর ২০২৬। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন করার আগে ডিপিডিসির ওয়েবসাইটে প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সব শর্ত ও নির্দেশনা নিশ্চিত করে নেওয়া উচিত।