চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ হাজার ৬২০ পিস ইয়াবাসহ মো. ফরহাদ-উজ-জামান জয় (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭ (র‌্যাব-৭)।

আটককৃত মো. ফরহাদ-উজ-জামান জয় চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে।

বাস থেকে ৯ হাজার ৬২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের গাছবাড়িয়া বাইন্যপুকুর পাড় এলাকায় চেকপোস্ট বসিয়ে ওই বাসে তল্লাশি চালায় এসআরবি-৭ এর একটি দল।

এজাহার সূত্রে জানা যায়, তল্লাশিকালে তার হেফাজত থেকে নীল পলিথিনে মোড়ানো ৪৮টি প্যাকেটে ২০০ পিস করে ৯৬০০ পিস এবং অপর ১টি প্যাকেটে ২০ পিসসহ সর্বমোট ৯৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতি পিস ৩০০ টাকা হিসেবে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৮৬ হাজার টাকা।

এসআরবি-৭ জানায়, আটককৃত মো.ফরহাদ-উজ-জামান জয় একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় চট্টগ্রাম চান্দগাঁও ক্যাম্প, সিপিসি-৩, র‌্যাব-৭ এর এসসিপিও (এক্স) মো. মিজানুর রহমান (নৌ-বাহিনী) বাদী হয়ে চন্দনাইশ থানায় মঙ্গলবার রাত ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(গ) ধারায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, "এসআরবি-৭ এর অভিযানে আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাকে বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।"