চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, "দুর্গম পাহাড়ি এলাকা হলেও ধোপাছড়ির প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা গুজবে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।"

তিনি আরও বলেন, "প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। যেকোনো প্রয়োজনে দ্রুত সাড়া দিতে থানা পুলিশ প্রস্তুত রয়েছে।"

ওসি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, নিরাপত্তা সবার। শারদীয় দুর্গোৎসব যাতে আনন্দমুখর ও নির্বিঘ্ন হয়, সে জন্য চন্দনাইশ থানা পুলিশ ২৪ ঘণ্টা মাঠে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।"

তিনি আরও বলেন, "কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ৯৯৯ বা থানায় যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।"

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।