কুমিল্লা প্রতিনিধিঃ আবুল কালাম

কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।

রোববার (১৮ অক্টোবর) উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর নয়াবাড়ি পূজামণ্ডপ, প্রদ্যুৎ চেয়ারম্যানের বাড়ির পূজামণ্ডপ, সুবিলারচর সুবাস সাহার বাড়ির পূজামণ্ডপ, মেলামচর পোদ্দার বাড়ির পূজামণ্ডপ, ছালিয়াকান্দি কালীবাড়ি পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ ছাড়া বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ি, মাইজপাড়া দীনেশ বাবুর বাড়ি, দিলীপ রায়ের বাড়ি ও চৌধুরী ভিলা পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে গিয়ে পূজা উদযাপনের খোঁজখবর নেন বিএনপির এই নেতা।

পরিদর্শনকালে সৈয়দ মোস্তাক আহমেদ বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সেটাই আমাদের কাম্য। পূজা উদযাপনকালে যেকোনো ধরনের সহযোগিতায় আমাদের দলের নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবে।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা, সনাতন ধর্মাবলম্বী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।