চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী ঈগল বাসের ধাক্কায় আহমদ ছফা (৬৫) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রীজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আহমদ ছফা চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের তালুকদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কবির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে পথচারী আহমদ ছফাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী মোরশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আবছার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘাতক বাসটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।