চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম

অবশেষে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো চন্দনাইশের গাছবাড়িয়ার পরিবহন চালকদের। চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের উদ্যোগে কার, মাইক্রোবাস, হাইচ ও সিএনজি চালকদের জন্য স্থায়ী পার্কিং স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট সংলগ্ন স্থানে পার্কিং স্ট্যান্ডের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। এই স্ট্যান্ড চালু হলে মহাসড়কে যানজট কমবে এবং যাত্রী সাধারণের চলাচল আরও সহজ হবে।

চন্দনাইশের গাছবাড়িয়া পুরাতন কলেজ গেটসংলগ্ন স্থানে পরিবহন চালকদের জন্য পার্কিং স্ট্যান্ডের নির্মাণকাজ
চন্দনাইশের গাছবাড়িয়া পুরাতন কলেজ গেটসংলগ্ন স্থানে পরিবহন চালকদের জন্য পার্কিং স্ট্যান্ডের নির্মাণকাজ

গাছবাড়ীয়া কার, মাইক্রো ও হাইচ সমিতির নেতৃবৃন্দ আবেগাপ্লুত হয়ে বলেন, "আমাদের গাড়ি রাখার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। বাধ্য হয়ে সড়কের উপর গাড়ি রাখতে হতো, এতে যানজট লাগতো। এমপি মহোদয় আমাদের কষ্ট বুঝে পার্কিং এর জায়গা করে দিয়েছেন। আমরা খুবই আনন্দিত।"

শ্রমিক-বান্ধব নেতা হিসেবে এমপির প্রশংসা করে তারা আরও বলেন, "এমপি জসীম উদ্দীন আহমেদ সবসময় শ্রমিক-বান্ধব নেতা। চালকদের কথা চিন্তা করে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়।"

একজন চালক বলেন, "আমরা দিনের পর দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রাস্তার পাশে গাড়ি রাখতাম। আজ এমপি মহোদয় আমাদের জন্য স্থায়ী ঠিকানা করে দিয়েছেন। আল্লাহ উনার ভালো করুক।"

অন্য একজন চালক বলেন, "জসীম ভাই শুধু এমপি নন, তিনি গরিব শ্রমিকদের বন্ধু। নির্বাচনের আগে যে ওয়াদা দিয়েছিলেন, আজ তা পূরণ করলেন।"

চালকরা আরও বলেন, "এই পার্কিং স্ট্যান্ড হওয়ায় এখন যাত্রীরা সহজে গাড়ি পাবে, আমাদের আয়ও বাড়বে। এমন জনবান্ধব এমপি পেয়ে আমরা গর্বিত।"

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক পরিবহন শ্রমিক উপস্থিত থেকে এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।