চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম, চন্দনাইশ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে ফাজিল ১ম বর্ষের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী কাজী মোহাম্মদ আশরাফুল ইসলাম মিজান (রোল-০৮, ফাজিল ১ম বর্ষ) রবিবার (২১ সেপ্টেম্বর) চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে শিক্ষার্থী উল্লেখ করেন, গত ১৬ সেপ্টেম্বর এসেম্বলি চলাকালীন যথাসময়ে মাদ্রাসায় প্রবেশ করার পর অধ্যক্ষ কোনো কারণ জিজ্ঞাসা না করেই মাঠে সকল শিক্ষার্থীর সামনে তাকে বেত দিয়ে আঘাত করেন। নিজেকে ফাজিলের ছাত্র পরিচয় দিলেও অধ্যক্ষ কর্ণপাত করেননি। এতে তিনি শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ক্লাসে যেতে পারছেন না।

তিনি আরও লিখেছেন, “ইতিপূর্বেও আমার চাচাতো ভাইসহ বেশ কয়েকজন নিরীহ শিক্ষার্থী ওনার দ্বারা হেনস্থার শিকার হয়েছে। তিনি সুষ্ঠ তদন্তের মাধ্যমে কাছে বিচার দাবী করছেন এতে কারো প্রতি অসম্মান নয়, ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থীর সাথে এমন না হয় সেজন্যই প্রশাসনের কাছে গেছি।”
অভিযোগের অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতির কাছেও দেওয়া হয়েছে।
শিক্ষার্থী কাজী মোহাম্মদ আশরাফুল ইসলাম মিজানের পিতা কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই ঘটনায় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন বেত্রাঘাতের কথা স্বীকার করে বলেন, ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘোরাঘুরি করায় কয়েকজন ছাত্রকে শাসন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



























