জীবন অনেক সময় এমন গল্প লিখে ফেলে, যা বড় পর্দার চিত্রনাট্যকেও হার মানায়। তেমনই এক বাস্তব, অনুপ্রেরণামূলক গল্প চিয়ান বিক্রমের এর জীবন থেকে উঠে এসেছে। তামিল সিনেমার এই জনপ্রিয় অভিনেতার শুরুটা মোটেও সহজ ছিল না। বরং শুরু থেকেই তাঁকে লড়তে হয়েছে ভয়াবহ দুর্ঘটনা, শারীরিক যন্ত্রণা এবং অনিশ্চয়তার সঙ্গে। একসময় চিকিৎসকেরা পর্যন্ত জানিয়ে দিয়েছিলেন, তিনি আর কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। সেই কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে অনেকেই হাল ছেড়ে দিতেন। কিন্তু বিক্রম থামেননি, ভেঙে পড়েননি। নিজের ভেতরের শক্তিকে আঁকড়ে ধরে তিনি লড়াই চালিয়ে গেছেন। আর সেই লড়াইই একসময় তাঁকে ফিরিয়ে এনেছে আলোয়, সাফল্যের শিখরে।

দুর্ঘটনা, অস্ত্রোপচার আর দীর্ঘ লড়াই
কলেজে পড়ার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা বদলে দেয় চিয়ান বিক্রমের এর পুরো জীবন। দুর্ঘটনায় তাঁর পায়ের অবস্থা এতটাই গুরুতর হয়ে ওঠে যে চিকিৎসকেরা প্রথমে সেটি কেটে ফেলার পরামর্শ দেন। পরে উন্নত চিকিৎসার মাধ্যমে পা বাঁচানো গেলেও জানিয়ে দেওয়া হয় স্বাভাবিকভাবে হাঁটা আর সম্ভব নয়। শুরু হয় দীর্ঘ চিকিৎসা, একের পর এক অস্ত্রোপচার, সংক্রমণ আর শারীরিক যন্ত্রণা। টানা কয়েক বছর তাঁকে বিছানায় থাকতে হয়, যেখানে সময় যেন থমকে ছিল। শুধু এই দুর্ঘটনাই নয়, শৈশবেও একইভাবে বড় এক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। তখনও দীর্ঘ সময় চিকিৎসার মধ্যে থাকতে হয়েছে। সব মিলিয়ে তাঁর জীবনের প্রথম অধ্যায়টাই ছিল সংগ্রাম, কষ্ট আর বেঁচে থাকার লড়াইয়ের গল্প।
অসম্ভবকে সম্ভব করার গল্প
এত প্রতিকূলতার মধ্যেও নিজের স্বপ্ন থেকে একটুও সরে যাননি বিক্রম। ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেটিই তাঁকে বারবার শক্তি জুগিয়েছে। চিকিৎসকদের কথা উপেক্ষা করে ধীরে ধীরে শুরু করেন নিজের পুনর্বাসনের পথচলা। সাঁতার, হালকা ব্যায়াম, ফিজিওথেরাপি প্রতিদিন নিজেকে একটু একটু করে এগিয়ে নিতে থাকেন। প্রথমে ক্রাচ, তারপর লাঠ এভাবেই আবার হাঁটা শেখার কঠিন যাত্রা শুরু হয়। এই পথটা ছিল অসীম কষ্ট আর ধৈর্যের পরীক্ষা। কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন, মনোবল শক্ত থাকলে শরীরও একসময় সাড়া দেয়। তাঁর এই ফিরে আসা শুধু শারীরিক নয়, মানসিক জয়ও বটে।
ব্যর্থতা পেরিয়ে সাফল্য
শারীরিক লড়াই শেষ হলেও সামনে অপেক্ষা করছিল আরেক কঠিন পরীক্ষা ক্যারিয়ার গড়া। অভিনয়ে আসার পর টানা প্রায় এক দশক তাঁকে ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে। একের পর এক সিনেমা মুক্তি পেলেও দর্শকের সাড়া মেলেনি। এমন সময় গেছে, হলে তাঁর সিনেমা দেখতে গিয়েছেন মাত্র কয়েকজন দর্শক। এই পরিস্থিতি অনেককেই হতাশ করে তুলতে পারত। কিন্তু বিক্রম নিজের ওপর বিশ্বাস হারাননি। অবশেষে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সেতু সিনেমা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই একটি ছবিই তাঁকে এনে দেয় পরিচিতি, জনপ্রিয়তা এবং নতুন করে শুরু করার সাহস। সেখান থেকেই শুরু হয় তাঁর সাফল্যের নতুন অধ্যায়।
আজও অনুপ্রেরণা
ব্যক্তিগত জীবনেও তাঁর আত্মবিশ্বাসের গল্প কম নয়। যখন তিনি ক্রাচে ভর দিয়ে চলাফেরা করতেন, তখনই দৃঢ়ভাবে বলেছিলেন একদিন তিনি সুপারস্টার হবেন। সেই আত্মবিশ্বাসই তাঁকে এগিয়ে নিয়েছে প্রতিটি কঠিন মুহূর্তে। আজও তিনি পুরোপুরি সুস্থ নন, শারীরিক সীমাবদ্ধতা রয়েছে। তবুও কাজ থামাননি, অভিনয়ের প্রতি ভালোবাসা ছাড়েননি। প্রতিটি নতুন চরিত্র তাঁর কাছে যেন নতুন জীবন পাওয়ার মতো। চিয়ান বিক্রমের এর এই গল্প আমাদের শেখায় জীবনে যত বাধাই আসুক, হাল না ছাড়াই আসল জয়। তাঁর এই যাত্রা শুধু একজন তারকার নয়, বরং প্রতিটি স্বপ্নবাজ মানুষের জন্য এক অনুপ্রেরণার আলো।




























