ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ফেসবুকে ছড়িয়ে পড়া এই খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। সংগঠনটির পক্ষ থেকে গুজবের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিসচার কেন্দ্রীয় নেতারা জানান, দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংগঠনটির মহাসচিব লিটন এরশাদ বলেন, দ্রুত সংবাদ প্রকাশের চেয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করাই দায়িত্বশীল সাংবাদিকতার মূল বিষয়।
তিনি বলেন, মৃত্যু, দুর্ঘটনা কিংবা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে যাচাইহীন তথ্য প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের গুজব একজন ব্যক্তি ও তার পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও অযথা আতঙ্ক তৈরি করতে পারে।
নিসচার নেতারা আরও বলেন, ইলিয়াস কাঞ্চন শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন, তিনি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের সঙ্গে যুক্ত। তার সঙ্গে অসংখ্য মানুষের আবেগ ও ভালোবাসা জড়িয়ে থাকায় এমন মিথ্যা খবর দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
এদিকে ইলিয়াস কাঞ্চনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এবং ভালো আছেন। বুধবার লন্ডন সময় সন্ধ্যায় তার সিটি স্ক্যান ও এমআরআই করার কথা রয়েছে।
ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। গত বছরের আগস্টে সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসার জন্য কিছুদিন দেশে থাকার পর গত ১২ আগস্ট আবারও লন্ডনে ফিরে যান তিনি।




























