বিশ্ববিদ্যালয় শেষ করে করপোরেট চাকরিতে প্রবেশের সময় শুধু ভালো সিজিপিএ বা নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিই যথেষ্ট নয়। নতুন প্রার্থীর মধ্যে শেখার আগ্রহ, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং ইতিবাচক মানসিকতাকে গুরুত্ব দেওয়া হয়। গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেনের মতে, এসব গুণই একজন ফ্রেশারকে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করে।
অনেক তরুণের ধারণা, করপোরেট চাকরিতে প্রবেশের প্রধান শর্ত ভালো ফলাফল ও ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। নিয়োগের প্রাথমিক বাছাইয়ে সিজিপিএ গুরুত্বপূর্ণ হতে পারে। তবে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পর প্রার্থীর চিন্তাধারা, মানসিক দক্ষতা এবং শেখার ক্ষমতাই বেশি গুরুত্ব পায়।বর্তমান প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্র দ্রুত পরিবর্তন হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিকস, ওটিটি ও ডিজিটালাইজেশনের মতো বিষয় ব্যবসার ধরন বদলে দিচ্ছে। তাই একজন ফ্রেশার নতুন কিছু শেখার জন্য কতটা আগ্রহী, সেটি নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
একজন প্রার্থীর মধ্যে যদি গ্রোথ মাইন্ডসেট বা নিজেকে উন্নত করার তীব্র আগ্রহ থাকে, তাহলে নতুন প্রযুক্তি শেখা তার জন্য সহজ হয়। কাজের প্রয়োজনে নতুন দক্ষতা অর্জনের মানসিকতা থাকলে দ্রুত পরিবর্তনশীল কর্মপরিবেশেও মানিয়ে নেওয়া সম্ভব। এ কারণে শুধু বর্তমান জ্ঞান নয়, ভবিষ্যতে শেখার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়।যে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করা হচ্ছে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে প্রার্থীর ধারণা থাকা জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কী ধরনের পরিবর্তন হচ্ছে, সেটিও জানা দরকার। এতে বোঝা যায়, প্রার্থী শুধু একটি চাকরি খুঁজছেন, নাকি প্রতিষ্ঠান ও কাজের ধরন সম্পর্কে সত্যিই আগ্রহী।
কেউ টেলিকম খাতে চাকরি করতে চান। তাহলে এই খাতে বর্তমানে কী ধরনের পরিবর্তন হচ্ছে, প্রতিষ্ঠানটির প্রধান সেবা বা পণ্য কী এবং ভবিষ্যৎ পরিকল্পনা কেমন এসব সম্পর্কে ধারণা থাকা দরকার। ইন্টারভিউতে এসব বিষয়ে নিজের চিন্তা পরিষ্কারভাবে তুলে ধরতে পারলে প্রার্থীর আগ্রহ ও প্রস্তুতি প্রকাশ পায়।পাঠ্যবইয়ের বাইরের অভিজ্ঞতাও ফ্রেশারদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাব, প্রজেক্ট বা সংগঠনে নেতৃত্ব দেওয়া, স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকা কিংবা সামাজিক উদ্যোগে অংশ নেওয়ার অভিজ্ঞতা প্রার্থীর বিভিন্ন দক্ষতা তুলে ধরে। এসব কাজ থেকে নেতৃত্ব, টিমওয়ার্ক ও সমস্যা সমাধানের সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে এটাই স্বাভাবিক। কোনো কাজ প্রত্যাশা মতো সফল নাও হতে পারে, আবার হঠাৎ কাজের ধরনেও পরিবর্তন আসতে পারে। এমন পরিস্থিতিতে একজন ফ্রেশার নিজের ভুল থেকে কত দ্রুত শিখছেন এবং নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারছেন, সেটিও গুরুত্বপূর্ণ।পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর মানসিকতা তাই বর্তমান চাকরির বাজারে বড় একটি যোগ্যতা। শুধু নিজের পুরোনো ধারণা বা দক্ষতার ওপর নির্ভর না করে প্রয়োজন অনুযায়ী নতুন কিছু শেখার চেষ্টা করতে হয়। ভুলকে অভিজ্ঞতা হিসেবে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা কর্মক্ষেত্রে সাফল্যের পথ সহজ করতে পারে।
বর্তমান চাকরির বাজারে শুধু ডিগ্রি বা নির্দিষ্ট বিষয়ে পড়াশোনার ওপর নির্ভরতা অনেকটাই কমেছে। প্রতিষ্ঠানগুলো এখন প্রার্থীর শেখার আগ্রহ, ইতিবাচক মানসিকতা, নেতৃত্ব, টিমওয়ার্ক ও সমস্যা সমাধানের দক্ষতাকেও গুরুত্ব দিচ্ছে। তাই একজন ফ্রেশার নিজের যোগ্যতা ও চিন্তাভাবনা সঠিকভাবে তুলে ধরতে পারলে করপোরেট ক্যারিয়ারে ভালো সুযোগ তৈরি করতে পারেন।



























