মিঠুন চক্রবর্তী এবার সত্যিই সরকারি দায়িত্বে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। একই সঙ্গে তাঁকে দেওয়া হয়েছে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা। বুধবার সরকারি বিজ্ঞপ্তিতে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

মিঠুন চক্রবর্তীর নতুন দায়িত্ব অবিলম্বে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে। তবে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে তাঁর নির্দিষ্ট দায়িত্ব ও কাজের পরিধি এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।

বাংলা চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ার এবং সংস্কৃতির সঙ্গে তাঁর সম্পর্ক বিবেচনায় নিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর আগে উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের সরকারি আয়োজনেও মিঠুনকে সাংস্কৃতিক উপদেষ্টা করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মিঠুনের নতুন দায়িত্ব সামনে এনে দিয়েছে তাঁর জনপ্রিয় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমার কথাও। ২০০৭ সালের ওই ছবিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। পর্দায় মন্ত্রীর ভূমিকায় দেখা সেই অভিনেতাকেই এবার বাস্তবে সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে।

পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন মিঠুন। রাজনীতিতেও তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ২০২১ সালে বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত রাজ্যসভার সদস্য ছিলেন।

অভিনয়ের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনেও আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন মিঠুন চক্রবর্তী। ফলে তাঁর নতুন ভূমিকা নিয়ে চলচ্চিত্র ও সাংস্কৃতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। ‘মহাগুরু’ নামে পরিচিত এই অভিনেতার অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো হয়, সেটিই এখন দেখার বিষয়।