ক্রিস্তিয়ানো রোনালদো আবারও আলোচনায়, তবে এবার ফুটবলের জন্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিলাসবহুল গাড়ির সংগ্রহের এক ঝলক দেখিয়ে ভক্তদের বিস্মিত করেছেন পর্তুগিজ এই সুপারস্টার। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাই টয়েস’ (আমার খেলনা), যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
রোনালদোর পোস্টে দেখা যায় বিশ্বের সবচেয়ে দামি ও বিরল কয়েকটি হাইপারকার একসঙ্গে সাজানো রয়েছে তাঁর ব্যক্তিগত গ্যারেজে। কোটি কোটি ইউরো মূল্যের এসব গাড়ির বহর দেখে ভক্তরা যেমন বিস্মিত হয়েছেন, তেমনি অনেকেই একে বিশ্বের অন্যতম সেরা ব্যক্তিগত গাড়ির সংগ্রহ বলেও মন্তব্য করেছেন।
বিলাসবহুল গাড়ির প্রতি রোনালদোর দুর্বলতা নতুন নয়। বিভিন্ন সময় সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গাড়ি সংগ্রহ করা তাঁর অন্যতম বড় শখ। এমনকি একবার তিনি স্বীকার করেছিলেন, তাঁর মালিকানায় ঠিক কতটি গাড়ি রয়েছে, সেটির হিসাবও তিনি নিজে জানেন না। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁর সংগ্রহে প্রায় ৪০ থেকে ৪১টি গাড়ি রয়েছে।
প্রকাশিত ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে বুগাটির কয়েকটি বিশেষ সংস্করণ। এর মধ্যে রয়েছে বুগাটি ভেরন ১৬.৪ গ্র্যান্ড স্পোর্ট ভিটেস, তাঁর জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা বুগাটি চিরন এবং প্রায় ১০ মিলিয়ন ডলার মূল্যের অতি বিরল বুগাটি সেন্তো দিয়েচি। বিশ্বের হাতে গোনা কয়েকজন সংগ্রাহকের কাছেই রয়েছে এই মডেল।
এছাড়া রোনালদোর গ্যারেজে দেখা গেছে ফর্মুলা ওয়ান প্রযুক্তি থেকে অনুপ্রাণিত মার্সিডিজ এএমজি ওয়ান। বিশ্বজুড়ে মাত্র ২৭৫টি ইউনিট তৈরি হওয়া এই গাড়ি সংগ্রাহকদের কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত। একই সঙ্গে তাঁর সংগ্রহে নতুন সংযোজন হিসেবে জায়গা করে নিয়েছে প্রায় ৩২ লাখ পাউন্ড মূল্যের বুগাটি ট্যুরবিলন।
বুগাটির পাশাপাশি ইতালিয়ান ব্র্যান্ড ফেরারির একাধিক বিরল মডেলও রয়েছে রোনালদোর সংগ্রহে। ছবিতে দেখা যায় ফেরারি পুরোস্যাং, ফেরারি ডেটোনা এসপি৩, ফেরারি মনজা এসপি১ এবং কালো রঙের ফেরারি ৫৯৯ জিটিও। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তাঁর গ্যারেজে প্রায় ৩৪ লাখ ডলার মূল্যের ফেরারি লাফেরারিও রয়েছে।
ব্রিটিশ নির্মাতা ম্যাকলারেনের প্রতিও রয়েছে রোনালদোর বিশেষ আগ্রহ। তাঁর সংগ্রহে রয়েছে সিলভার রঙের ম্যাকলারেন সেনা এবং ভবিষ্যতধর্মী নকশার ম্যাকলারেন স্পিডটেইল। কার্বন ফাইবার প্রযুক্তি, সীমিত উৎপাদন এবং উচ্চগতির জন্য এই দুটি গাড়ি বিশ্বজুড়ে বিশেষভাবে পরিচিত।
তবে তাঁর সংগ্রহ শুধু সুপারকারেই সীমাবদ্ধ নয়। সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর ক্লাবের পক্ষ থেকে রোনালদো ও তাঁর সতীর্থদের বিএমডব্লিউ গাড়িও উপহার দেওয়া হয়েছিল। ফলে দৈনন্দিন ব্যবহারের জন্যও তাঁর গ্যারেজে রয়েছে একাধিক বিলাসবহুল মডেল।
বিশ্বকাপ শেষে বর্তমানে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন ৪১ বছর বয়সী রোনালদো। আল নাসরের প্রাক-মৌসুম ক্যাম্প চললেও তিনি এখনও পুরোপুরি অনুশীলনে ফেরেননি। তবে শিগগিরই রিয়াদে দলের সঙ্গে যোগ দিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।
আগামী ১৫ আগস্ট আল-ফাতেহের বিপক্ষে সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করবে আল নাসর। তার আগে প্রায় এক সপ্তাহ সময় পাবেন রোনালদো। মাঠে ফেরার আগে নিজের স্বপ্নের গাড়ির সংগ্রহ ভক্তদের সামনে তুলে ধরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।



























