শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের একটি কনসার্টের ঘটনা। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ অনুষ্ঠানে গান পরিবেশন করছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাসান। হঠাৎ দর্শকসারি থেকে একটি বোতল ছুড়ে মারা হলে সেটি তার মাথায় আঘাত করে। আচমকা এমন ঘটনায় কিছুক্ষণের জন্য থমকে যায় অনুষ্ঠানস্থলের পরিবেশ। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই কনসার্টে শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তবে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়াতে চাননি হাসান। বরং বিষয়টি ক্ষমাসুন্দরভাবে দেখার কথা জানিয়ে ভবিষ্যতে যেন কোনো শিল্পী এমন পরিস্থিতির মুখোমুখি না হন, সেই আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের প্রতিক্রিয়ায় হাসান জানান, দীর্ঘ সংগীতজীবনে মঞ্চে এমন অভিজ্ঞতার মুখোমুখি তিনি আগে হননি। তার মতে, যে ব্যক্তি বোতলটি ছুড়েছেন, তিনি হয়তো বিষয়টি না বুঝেই এমন কাজ করেছেন। তাই ব্যক্তিগতভাবে প্রতিশোধ বা উত্তেজনার বদলে ঘটনাটিকে ক্ষমার দৃষ্টিতে দেখার কথা বলেছেন এই সংগীতশিল্পী। একই সঙ্গে শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টিকে গুরুত্ব দিয়ে হাসান বলেন, শিল্পীরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য গান করেন। কোনো শিল্পীকে মঞ্চে অপমান করা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া উচিত নয়। তার মতে, কনসার্টে দর্শকদের আনন্দের পাশাপাশি মঞ্চে থাকা শিল্পীদের নিরাপত্তাও আয়োজকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করার প্রবণতা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন হাসান। তিনি মনে করেন, একজন শিল্পী কোনো নির্দিষ্ট সময়ের জন্য শিল্পী নন। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা অনুষ্ঠানে শিল্পীদের অংশ নিতে হতে পারে। তাই কোনো অনুষ্ঠানে গান গাওয়ার কারণে একজন শিল্পীকে নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়। হাসানের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত ও সংগীতাঙ্গনের মানুষ তার প্রতি সমর্থন জানিয়েছেন। তরুণ শিল্পী তাসরিফ খানসহ অনেকে ঘটনাটিতে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি প্রিন্স মাহমুদ, মীর মাসুম, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর তারেকসহ শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
কনসার্টে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দর্শকদের আচরণ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীর প্রতি সম্মান ও শৃঙ্খলা বজায় রাখা যেমন দর্শকের দায়িত্ব, তেমনি বড় আয়োজনের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করাও আয়োজকদের জন্য গুরুত্বপূর্ণ। মানিক মিয়া অ্যাভিনিউয়ের ঘটনাটি তাই শুধু একজন শিল্পীর ওপর বোতল ছোড়ার ঘটনা নয়, বরং কনসার্টে শিল্পী ও দর্শক উভয়ের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তাও সামনে এনেছে।


























