প্রধানমন্ত্রীর উপহার পেলেন আব্দুস সালাম রাজধানীর রমনা এলাকার একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত আব্দুস সালাম প্রতিদিনের মতো দায়িত্ব পালনের সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরকে হাতে ধানের শীষ নিয়ে শুভেচ্ছা জানাতেন। তার এই নীরব ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ একসময় প্রধানমন্ত্রীর নজরে আসে।
বুধবার (৮ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার তুলে দেন এবং তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন।
আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। স্ট্রোক করার পর গাড়িচালকের পেশা ছেড়ে জীবিকার তাগিদে গত আট মাস ধরে তিনি এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম বলেন, তিনি কখনো ভাবেননি তার ছোট্ট শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নজরে পড়বে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই দিনটি তার জীবনের সবচেয়ে আনন্দের দিন।


























