জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যা আগে ছিল বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টার মধ্যে। পাশাপাশি দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজারসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাসের জন্য সরকারি ব্যয় কমানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নতুন যানবাহন ও কম্পিউটারসামগ্রী কেনা বন্ধ থাকবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ বন্ধ থাকবে।
এ ছাড়া সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ কমানো হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ কমানোর পাশাপাশি ভ্রমণ ব্যয়ও একই হারে কমানো হয়েছে। বিয়ে বা উৎসবে আলোকসজ্জা না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় রোববার থেকে আলাদা নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে। সম্ভাব্য পরিকল্পনায় অনলাইন ও সশরীর ক্লাস মিলিয়ে পাঠদান চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে, যাতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা যায়।
সরকারের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

























