নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলা পরিষদ। রবিবার (১৬ আগস্ট) বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা অব্যাহত থাকলেও অনেক ক্ষেত্রে কার্যকর ও দৃশ্যমান প্রতিকার নিশ্চিত হচ্ছে না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
ফরিদপুর জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসনে আরা বেগমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন রুমা খন্দকার, প্রীতি কনা রাহা, সুফিয়া ইয়াসমিন লিপি, ডিউবি শিকদার, রুবিয়া মিল্লাত, রুমা সাহা, আসমা আক্তার মুক্তাসহ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, শিশু থেকে বৃদ্ধ—নারী ও শিশুর কেউই যেন নির্যাতনের হাত থেকে নিরাপদ নয়। তারা নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
তারা আরও বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি অপরাধীদের সামাজিকভাবে বয়কটের উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।
মানববন্ধন থেকে কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে সামাজিক ও প্রশাসনিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।




























