বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে বড় ধরনের রদবদল আনা হয়েছে। র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন ও রংপুর মেট্রোপলিটন পুলিশে দায়িত্বে পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে ১৭ কর্মকর্তাকে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের তথ্য জানানো হয়। নতুন পদায়নের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে।
রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে এসবির ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির উপপুলিশ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ অধিদফতরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পিটিসি, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া আগের দুটি বদলি আদেশও বাতিল করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদফতরে বদলির আদেশ বাতিল করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে পুলিশ সুপার, নড়াইল হিসেবে বদলির আদেশও প্রত্যাহার করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার করা হয়েছে। একই পদে পিবিআইয়ে দায়িত্ব পেয়েছেন এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও আরপিএমপির উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমান।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুরের কমান্ড্যান্ট এবং কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।
এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডির পুলিশ সুপার এবং এস এম রফিকুল ইসলামকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। সিলেটের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


























