যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে হামের সংক্রমণ। পেনসিলভানিয়ায় হামে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রাজ্যটির স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার (২৫ আগস্ট) মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। মৃত দুজনই হাম প্রতিরোধের টিকা নেননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২০২৬ সালে যুক্তরাষ্ট্রে হামে মৃত্যুর এটিই প্রথম ঘটনা। একই সঙ্গে গত ৩৫ বছরের মধ্যে পেনসিলভানিয়ায় হামে মৃত্যুর ঘটনাও এবারই প্রথম। রাজ্যের স্বাস্থ্যবিষয়ক সচিব চিকিৎসক ডেবরা বোগেন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত দুই ব্যক্তি পেনসিলভানিয়ার ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা ছিলেন। তবে তাদের বয়স, পরিচয় বা ব্যক্তিগত কোনো তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ। চলতি বছর রাজ্যের ২৮টি কাউন্টিতে এখন পর্যন্ত ৩৯৩ জনের হাম শনাক্ত হয়েছে।
শুধু পেনসিলভানিয়াতেই নয়, পুরো যুক্তরাষ্ট্রেই হামের সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৬ সালে দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ৭০০-এর বেশি হাম রোগী শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর কোনো বছরে এত বেশি আক্রান্তের তথ্য পাওয়া যায়নি।
হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। বিশেষজ্ঞদের মতে, টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা টিকাহীন মানুষের সংক্রমিত হওয়ার ঝুঁকিও বেশি।
যুক্তরাষ্ট্রে ২০০০ সালে হাম নির্মূল হয়েছে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন করে সংক্রমণ বাড়ায় সেই অর্জন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত দেড় বছরে দেশটিতে যত হাম শনাক্ত হয়েছে, তা এর আগের ২৫ বছরের মোট আক্রান্তের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হাম থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় হলো এমএমআর টিকা। এই টিকার দুই ডোজ হামের বিরুদ্ধে প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা দিতে পারে। তাই টিকাহীন ব্যক্তিদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগও জনগণকে সতর্ক থাকার পাশাপাশি হাম প্রতিরোধে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে যেসব এলাকায় সংক্রমণ শনাক্ত হয়েছে, সেখানে টিকাহীন ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




























