ভারতের মহারাষ্ট্রে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আদালতের রায়ে নিজের অধিকার ফিরে পাওয়ার পরও শেষ রক্ষা হয়নি এক প্রবীণ ব্যক্তির।
স্থানীয় সূত্র জানায়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী জাফর প্যাটেল দীর্ঘদিন ধরে ছেলের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়িয়ে ছিলেন। পারিবারিক অশান্তি ও নির্যাতনের অভিযোগে তিনি একসময় বাড়ি ছেড়ে আত্মীয়ের কাছে আশ্রয় নেন।
পরবর্তীতে আদালতে আইনি লড়াই শুরু করলে সম্প্রতি রায় তার পক্ষে আসে। আদালত বাড়ির মালিকানা নিশ্চিত করে এবং অভিযুক্ত ছেলেকে বাসস্থান ছাড়ার নির্দেশ দেয়, যা নিয়ে পরিবারে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
রায়ের কাগজপত্র নিয়ে ফেরার পথে বৃদ্ধের ওপর আকস্মিক হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রকাশ্য সড়কে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। হত্যার পেছনে সম্পত্তি বিরোধই প্রধান কারণ বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।


























