বছর তিনেক আগে বাংলাদেশ সফরে এসে যে ভালোবাসা পেয়েছিলেন, তা এখনও ভুলতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২০২৬ বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও তিনি বাংলাদেশের মানুষের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা প্রকাশ করেছেন। ভক্তদের সমর্থনকে বিশেষভাবে মূল্যায়ন করে তিনি বলেছেন, বাংলাদেশের জন্য তার রয়েছে ‘পূর্ণ ভালোবাসা’।
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার সকালে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসির গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
এই জয়ে গ্রুপপর্ব শেষ করে আত্মবিশ্বাস নিয়েই নকআউট পর্বে পা রাখছে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমিলিয়ানো মার্তিনেজ। এরপর টি স্পোর্টসসহ উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি।
বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই হাসিমুখে নিজের স্মৃতির ঝাঁপি খুলে বসেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। কয়েক বছর আগে ঢাকায় কাটানো সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে গভীরভাবে স্পর্শ করেছিল।
মার্তিনেজ বলেন, “বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।” সংক্ষিপ্ত হলেও তার এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি হয়ে ওঠে আনন্দের আরেকটি উপলক্ষ।
বাংলাদেশের সমর্থকদের আবেগ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। মার্তিনেজ বলেন, “আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি।”
তিনি আরও বলেন, “তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।” বিশ্বকাপের চাপের মধ্যেও বাংলাদেশের নাম উচ্চারণ করে এমন আন্তরিক বার্তা দেওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
বাংলাদেশে আর্জেন্টিনা জাতীয় দলের জনপ্রিয়তা দীর্ঘদিনের। বিশেষ করে ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর সেই উন্মাদনা আরও কয়েক গুণ বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি নিয়মিতই নজরে আসে আর্জেন্টাইন ফুটবলারদের।
এমিলিয়ানো মার্তিনেজও একাধিকবার বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করেছেন। এবারও বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার প্রকাশ প্রমাণ করে, দেশের ভক্তদের সঙ্গে তার সম্পর্ক কেবল সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং হৃদয়ের বন্ধনেও গড়ে উঠেছে।

















