জরুরি উন্নয়নকাজের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) টানা ১০ ঘণ্টা গাজীপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাশিমপুর জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক সেবার মান বাড়াতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ১১ কেভি ফিডারগুলো অনেক বড় এবং ফিডারে গ্রাহকের লোড অনেক বেশি রয়েছে।
তাই ফিডারগুলো ছোট করার জন্য এবং লোডশেডিং কমিয়ে আনতে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ বা লাইন আপগ্রেডেশনের কাজ করা হবে। এর ফলে উল্লেখিত সময়ে গাজীপুরের বেশ কিছু নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো-কাশিমপুর (আংশিক), বিএডিসি গেটের সামনের এলাকা, রফিকুল স্কুলের আশপাশের এলাকা এবং কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশের এলাকা। এছাড়াও রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়ের আশপাশের এলাকা, আলিমের আশপাশের এলাকা, কবরস্থানের আশপাশের এলাকা এবং জামাল টাওয়ারের আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই সঙ্গে মল্লিকা বাজারের আশপাশের এলাকা, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফের আশপাশের এলাকা ও রওশন মার্কেট এলাকাতেও এই সময়ে বিদ্যুৎ থাকবে না বলে জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে, নির্ধারিত সময়ের আগেই যদি রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
ভবিষ্যতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই কাজ করা হচ্ছে জানিয়ে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।

























