যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে নিউইয়র্কের রাস্তায় অনেকের জুতার তলা গলে সড়কে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বহু শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি মানুষ বর্তমানে তাপপ্রবাহ–সংক্রান্ত সতর্কতার আওতায় রয়েছেন। আবহাওয়াবিদদের মতে, ‘হিট ডোম’ নামে পরিচিত একটি উচ্চচাপ বলয়ের কারণে এই অস্বাভাবিক গরম সৃষ্টি হয়েছে। ফলে কয়েক দিন ধরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি রয়েছে।
রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে নিরাপত্তার স্বার্থে একের পর এক জনসমাগমের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। স্বাধীনতা দিবসের শোভাযাত্রা, কনসার্ট এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। এতে ৪ জুলাইয়ের উৎসবের আমেজ অনেকটাই ম্লান হয়ে গেছে।
ব্যাহত হওয়া বড় আয়োজনগুলোর মধ্যে রয়েছে ওয়াশিংটনের ন্যাশনাল মলে অনুষ্ঠিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মেলায় ৫০টি অঙ্গরাজ্যের সংস্কৃতি তুলে ধরার পরিকল্পনা ছিল।
শুক্রবার বিকেলে ওয়াশিংটনে তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে মেলাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে ন্যাশনাল পার্ক সার্ভিস নিরাপত্তাজনিত কারণে স্বাধীনতা দিবসের শোভাযাত্রাও বাতিলের ঘোষণা দেয়। শনিবার সকালে শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানটি আর অনুষ্ঠিত হয়নি।
চলতি সপ্তাহের শুরুতে মিডওয়েস্ট অঞ্চল থেকে এই তাপপ্রবাহ ধীরে ধীরে পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের ভাষ্য, ‘হিট ডোম’ কোনো অঞ্চলের ওপর গরম বাতাসকে আটকে রাখে। এতে দিনের পাশাপাশি রাতেও তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকে এবং আর্দ্রতাও বেড়ে যায়।
প্রচণ্ড গরমের প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাতেও। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদ্যুৎ গ্রিড অপারেটর পিজেএম অতিরিক্ত চাপ সামাল দিতে নিবন্ধিত গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
পিজেএম জানিয়েছে, তাদের সেবা এলাকায় মধ্য আটলান্টিক ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যসহ ওয়াশিংটন ডিসির প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষ রয়েছেন। অতিরিক্ত চাপের কারণে বিদ্যুৎ উৎপাদন ইউনিট বিকল হওয়া বা সঞ্চালন লাইনে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
নিউইয়র্কে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসন জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। প্রতিষ্ঠানটি নিউইয়র্ক সিটি ও ওয়েস্টচেস্টার কাউন্টির বাসিন্দাদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর অনুরোধ করেছে।
নিউইয়র্ক সিটিতে গরমের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ম্যানহাটানের রাস্তায় হাঁটার সময় অনেকের জুতার রাবারের তলা নরম হয়ে গিয়ে সড়কের সঙ্গে লেগে যাচ্ছিল। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তীব্র গরম উপেক্ষা করেও ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন পপ তারকা টেইলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসির ভক্তরা। বহুল আলোচিত এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া অতিথিদের এক ঝলক দেখার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তারা।
জাতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ বর্তমানে তাপপ্রবাহ–সংক্রান্ত সতর্কতার আওতায় রয়েছেন। কয়েকটি অঞ্চলে হিট ইনডেক্স ১১৫ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শহরে নতুন তাপমাত্রার রেকর্ডও গড়তে পারে।
স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই তাপপ্রবাহ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বাইরে অবস্থানকারীদের পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে বিশ্রাম এবং হিটস্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবছর ৪ জুলাই মার্কিন নাগরিকেরা বারবিকিউ, শোভাযাত্রা ও আতশবাজির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেন। তবে এবারের তীব্র গরমের কারণে পূর্ব উপকূলজুড়ে বহু অনুষ্ঠান বাতিল বা সময় পরিবর্তন করতে হয়েছে।
ফিলাডেলফিয়ায় ‘স্যালুট টু ইনডিপেনডেন্স প্যারেড’ বাতিল করা হয়েছে। নিউ জার্সির হ্যাডন টাউনশিপ তাদের বার্ষিক প্যারেড বাতিল করেছে এবং নিউইয়র্কের ওয়াটারটাউন কনসার্ট ও আতশবাজির অনুষ্ঠান স্থগিত করেছে। অন্যদিকে বোস্টনের নদীপাড়ের জনপ্রিয় আতশবাজি উৎসবের প্রবেশের সময় চার ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় নির্ধারণ করা হয়েছে, যাতে তীব্র গরম কিছুটা কমে আসার পর দর্শনার্থীরা নিরাপদে অনুষ্ঠান উপভোগ করতে পারেন।























