প্যারিসের ফ্যাশন মঞ্চে আবারও দেখা যাবে বলিউড তারকা ঐশ্বরিয়া রাইকে। আগামী ২৮ সেপ্টেম্বর ল’রিয়াল প্যারিসের আয়োজনে র্যাম্পে হাঁটবেন তিনি। ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’-এর নবম আসরে আইফেল টাওয়ারকে পেছনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের পরিচিত তারকাদের সঙ্গে অংশ নেবেন এই অভিনেত্রী।
অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ঐশ্বরিয়াকে ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। কারণ প্যারিসের এই ফ্যাশন মঞ্চে তাঁর প্রতিটি উপস্থিতিই আলাদা করে নজর কেড়েছে। পোশাক, সাজসজ্জা ও নিজস্ব সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে এর আগেও দর্শকদের চমকে দিয়েছেন তিনি।
২০২৪ সালে ঐশ্বরিয়ার লাল গাউন ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পোশাকটির নিচের অংশ ছিল বিশাল বেলুনের মতো আকৃতির। এর সঙ্গে ছিল ভলিউমিনাস চুল ও গাঢ় লাল লিপস্টিক। তবে সেদিন সবচেয়ে বেশি নজর কেড়েছিল র্যাম্পে তাঁর ‘নমস্তে’ অভিবাদন।
আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে ভারতীয় সংস্কৃতির এই ছোট্ট প্রকাশ ঐশ্বরিয়ার উপস্থিতিতে আলাদা মাত্রা যোগ করেছিল। পরের বছর অবশ্য তাঁর সাজ ছিল একেবারেই ভিন্ন। ২০২৫ সালে গাউনের বদলে তিনি পরেছিলেন মণীশ মালহোত্রার তৈরি কাস্টম গাঢ় নীল ভেলভেট শেরওয়ানি।
সেই পোশাকের সঙ্গে ছিল হীরার ব্রোচ, অলংকৃত কাফ এবং পেছনে ডায়মন্ডের নকশা। সব মিলিয়ে ঐশ্বরিয়ার ২০২৫ সালের উপস্থিতিতেও ফুটে উঠেছিল রাজকীয় আবহ। তাই এবার তাঁর পোশাক ও সাজ কেমন হবে, সেটিই হয়ে উঠেছে ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের আগ্রহের অন্যতম বিষয়।
২৮ সেপ্টেম্বরই মিলবে সেই প্রশ্নের উত্তর। এবারও ঐশ্বরিয়ার সঙ্গে র্যাম্পে থাকছেন বিশ্বের বিভিন্ন অঙ্গনের পরিচিত তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, কারা ডেলেভিন, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল, সিমোন অ্যাশলি ও আজা নাওমি কিং।
এ ছাড়া এবারের আয়োজনে থাকছেন প্যারালিম্পিক চ্যাম্পিয়ন মেরি বোশে এবং মডেল লুমা গ্রোথেও। আন্তর্জাতিক তারকাদের এই তালিকায় ঐশ্বরিয়ার উপস্থিতি প্যারিসের ফ্যাশন আয়োজনকে ঘিরে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততাকেই সামনে আনছে।
এখন অপেক্ষা শুধু ২৮ সেপ্টেম্বরের। সেদিন প্যারিসের র্যাম্পে ঐশ্বরিয়ার নতুন পোশাক ও সাজ কেমন হয়, সেটিই থাকবে ভক্তদের নজরে।


























