সোহিনী সরকার এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন জীবনের সবচেয়ে আনন্দের একটি খবর। দীর্ঘদিন ধরে টলিউডে গুঞ্জন ছিল, অভিনেত্রী ও তাঁর স্বামী সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সংসারে নাকি নতুন অতিথি আসতে চলেছে। এতদিন এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, এবার বিবাহবার্ষিকী উপলক্ষে সেই জল্পনার অবসান ঘটালেন এই তারকা দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে সুখবরটি জানান সোহিনী ও শোভন। ছবিতে দেখা যায়, সাদা মাতৃত্বকালীন পোশাকে বেবি বাম্প নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন সোহিনী সরকার। তাঁর পাশে ভালোবাসার স্পর্শে বেবি বাম্পে হাত রেখে দাঁড়িয়ে আছেন শোভন গঙ্গোপাধ্যায়। সহজ-সরল এই ফটোশুট মুহূর্তেই ভক্তদের মন জয় করে নেয়।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনও ছিল বেশ আবেগঘন। তারা লিখেছেন, ‘আমরা দুই থেকে তিনের পথে…’। এই ছোট্ট বাক্যেই স্পষ্ট হয়ে যায়, খুব শিগগিরই তাদের পরিবারে নতুন সদস্য আসছে। পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছা জানাতে শুরু করেন টলিউডের তারকা, সহকর্মী এবং অসংখ্য ভক্ত-অনুরাগী।
সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় ২০২৪ সালের জুলাই মাসে ঘরোয়া আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই একসঙ্গে ছবি ও বিশেষ মুহূর্ত ভাগ করে নেন তারা। তবে সন্তান আগমনের খবরটি এতদিন গোপনই রেখেছিলেন।
নতুন এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। অনেকেই লিখেছেন, এটি শুধু এই দম্পতির নয়, তাদের ভক্তদের কাছেও একটি আনন্দের খবর। অনেকে আবার মা হতে যাওয়া সোহিনীর সুস্বাস্থ্য ও অনাগত সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।
বিনোদন অঙ্গনের ব্যস্ততার মাঝেও জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। নতুন অতিথিকে ঘিরে তাদের এই আনন্দঘন মুহূর্ত এখন ভক্তদেরও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে এই তারকা দম্পতির নতুন যাত্রা কেমন হয়, সেদিকেই এখন সবার নজর।



























