কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার অ্যাবটসফোর্ডে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা এমি ভির্কের কনসার্টের পর তার কনসার্ট-সংশ্লিষ্ট একটি গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। গত ৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ম্যাককালাম রোডের ২৫০০ ব্লকে চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অ্যাবটসফোর্ড পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি গাঢ় রঙের এসইউভিতে থাকা ব্যক্তিরা ওই গাড়ির দিকে একাধিক গুলি ছোড়ে। বিভিন্ন কানাডীয় ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রায় সাত রাউন্ড গুলি ছোড়ার কথা বলা হয়েছে। তবে গুলিতে কেউ আহত হননি।
ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সানিসাইড প্লেসের ২৪০০ ব্লকে একটি এসইউভিতে আগুন লাগার খবর পায় পুলিশ। সেখানে গিয়ে গাড়িটিকে সম্পূর্ণ আগুনে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়। গুলির ঘটনায় ব্যবহৃত গাড়ির সঙ্গে এই অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
এমি ভির্ক ওই দিন অ্যাবটসফোর্ডের রজার্স ফোরামে কনসার্ট করেন। এরপর তার কনসার্টের সঙ্গে সংশ্লিষ্ট গাড়িবহরের একটি গাড়ি গুলির শিকার হয়েছে বলে বিভিন্ন স্থানীয় ও ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাড়িটি বুলেটপ্রুফ ছিল এবং এমি ভির্ক ও কনসার্টের আয়োজক সেখানে ছিলেন। তবে এসব তথ্য পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
এদিকে এমি ভির্কের বাবা কুলজিৎ সিং জানিয়েছেন, তার ছেলে নিরাপদে আছেন। তিনি দাবি করেছেন, এমিকে লক্ষ্য করে এই হামলা করা হয়নি; বরং কনসার্টের আয়োজকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়ে থাকতে পারে।
অ্যাবটসফোর্ড পুলিশের মেজর ক্রাইম ইউনিট ঘটনাটির তদন্ত করছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি টার্গেটেড শুটিং হতে পারে। তবে হামলার উদ্দেশ্য বা কারা হামলার লক্ষ্য ছিল, তা এখনো নিশ্চিত নয়। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্যও প্রকাশ করা হয়নি।
পুলিশ ৫ সেপ্টেম্বর রাত ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে ম্যাককালাম রোড এলাকায় থাকা প্রত্যক্ষদর্শীদের এবং যাদের গাড়ির ড্যাশক্যামে কোনো ফুটেজ থাকতে পারে, তাদের পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে। সানিসাইড প্লেস এলাকায় রাত ১১টা থেকে মধ্যরাতের মধ্যে কোনো সন্দেহজনক ঘটনা দেখলেও তথ্য দিতে বলা হয়েছে।


























