পাঁচ দিনে রেমিট্যান্স হিসেবে দেশে এসেছে ৪৩ কোটি ৫৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ হাজার ৩৬২ কোটি ৪৩ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে এই হিসাব করা হয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনের প্রবাসী আয়ের এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, এই সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ৩৪ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ডলার।
একই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশে এসেছে ৯ লাখ ২০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক হিসাবে চলতি মাসের প্রথম পাঁচ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ১০ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক, যার মাধ্যমে এসেছে ৩ কোটি ৩০ লাখ ৯০ হাজার ডলার।
এরপর ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার ডলার। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৮০ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৬৮ লাখ ৬০ হাজার ডলার এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের এই তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতেই প্রবাসী আয়ের উল্লেখযোগ্য প্রবাহ দেখা গেছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসা এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



























