দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

‘আমাকে খেলতে দাও’—স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন হাজারো মানুষ। ধর্মীয়, ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে মাঠটি ব্যবহারের সুযোগ ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান।

সমাবেশে বক্তারা বলেন, বড়মাঠ দিনাজপুরবাসীর ঐতিহ্য ও প্রাণের স্পন্দন। মাঠটি দীর্ঘদিন অবরুদ্ধ থাকায় শিশু-কিশোর ও তরুণেরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সুস্থ প্রজন্ম গড়ে তুলতে অবিলম্বে মাঠটি সবার জন্য উন্মুক্ত করা প্রয়োজন।

আন্দোলনকারীদের ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল—‘মাঠ চাই, খেলা চাই—সুস্থ প্রজন্ম গড়তে চাই’ এবং ‘আমাকে খেলতে দাও’। বক্তারা মাঠটি উন্মুক্ত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।