জিমিনের শার্ট দাতব্য নিলামে বিক্রি হয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত বিশেষ নিলামে বিটিএস তারকা জিমিনের ব্যবহৃত শার্ট এবং ফাইনালে ব্যবহৃত ম্যাচের বল সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকারও বেশি। নিলামজুড়ে বিশ্বজুড়ে ভক্ত ও সংগ্রাহকদের ব্যাপক আগ্রহ দেখা যায়।
বিশ্বখ্যাত ক্রিস্টিজ অকশন হাউসের আয়োজনে ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ শিরোনামে এই অনলাইন নিলাম এক সপ্তাহ ধরে চলে এবং বুধবার শেষ হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, নিলাম থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগ্রহ হয়েছে, যা পূর্বাভাসের তুলনায় বেশি। বিশ্বের ২৪টি দেশের সংগ্রাহক ও ক্রেতারা এতে অংশ নেন।
বিশ্বকাপের হাফটাইম শোতে বিটিএস তাদের জনপ্রিয় গান ‘ডায়নামাইট’ পরিবেশন করে। সেই অনুষ্ঠানে সদস্যদের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন স্মারকের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায়। শুধু বিটিএস সদস্যদের ব্যবহৃত সামগ্রী বিক্রি করেই আয় হয়েছে ৩ লাখ ৩০০ মার্কিন ডলার, যা পুরো নিলামের প্রায় ৪৬ শতাংশ। এতে স্পষ্ট হয়েছে, সংগীত ও ক্রীড়া ভক্তদের মধ্যে এই স্মারকগুলোর জনপ্রিয়তা কতটা বিস্তৃত।
জিমিনের শার্ট ছাড়াও বিটিএস সদস্যদের আরও বেশ কয়েকটি স্মারক উচ্চমূল্যে বিক্রি হয়েছে। ভি-এর স্কার্ফ এবং জাংকুকের জ্যাকেট প্রতিটি ৪৬ হাজার ২০০ ডলারে বিক্রি হয়। সুগার ব্যবহৃত প্যান্টের দাম ওঠে ৩৩ হাজার ডলার। জে-হোপের গ্লাভস বিক্রি হয় ২৮ হাজার ৬০০ ডলারে। আরএমের বুটের মূল্য দাঁড়ায় ১৯ হাজার ৮০০ ডলার এবং জিনের বেল্ট বিক্রি হয় ১৬ হাজার ৫০০ ডলারে। এসব স্মারকের প্রতি আন্তর্জাতিক সংগ্রাহকদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য।
নিলামে শুধু বিটিএস নয়, বিশ্বের অন্যান্য তারকাদের ব্যবহৃত সামগ্রীও স্থান পেয়েছে। শাকিরাকে উপহার দেওয়া লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার মার্কিন ডলারে। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাডোনার ব্যবহৃত ও স্বাক্ষর করা গোলরক্ষকের গ্লাভস বিক্রি হয়েছে ৪১ হাজার ৮০০ ডলারে। এছাড়া হাফটাইম শোতে জাস্টিন বিবারের পরা ‘স্কাইলর্ক’ ব্র্যান্ডের স্নিকার্স বিক্রি হয়েছে ২৬ হাজার ৪০০ ডলারে।
নিলাম থেকে সংগৃহীত পুরো অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দেওয়া হবে। এই তহবিলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বিশ্বের প্রায় ২০০টি দেশে তৃণমূল পর্যায়ের বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া কর্মসূচিতে এই অর্থ ব্যয় করা হবে। উল্লেখ্য, গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন।















