বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচিতে থাকছে দোয়া ও মোনাজাত, রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া ও মোনাজাত করা হবে।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই দিন বেলা ১২টায় নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প শুরু হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রক্তদান ও চিকিৎসাসেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশজুড়ে জেলা ও মহানগর পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে যুবদলের সংশ্লিষ্ট ইউনিটগুলো। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান এবং বিনা মূল্যে চিকিৎসাসেবা।

এ ছাড়া বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের মতো সামাজিক কার্যক্রমও রাখা হয়েছে। সংশ্লিষ্ট জেলা ও মহানগর ইউনিট নিজেদের নির্ধারিত সময়ে এসব আয়োজন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিনে, বুধবার (২৮ অক্টোবর), উপজেলা, থানা, পৌরসভা ও অধস্তন ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে বিভিন্ন আয়োজন করবে।

এদিনও আলোচনা সভা, র‌্যালি, সমাবেশ, রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মাছের পোনা অবমুক্তকরণ ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচিও পালন করা হবে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়েছে। দুই দিনের আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং সামাজিক কার্যক্রমে সংগঠনের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।