চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বসতঘরের দরজার তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার নিজাম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় সংঘবদ্ধ চোরের দল ঘরের আলমারি ভেঙে ১ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা এবং পানির মোটরসহ বেশ কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ চোরের দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থ, পানির মোটর ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্য সুলতান আহম্মদ জানান, বাড়িতে কেউ না থাকায় চোররা জেনেশুনেই এই চুরি করেছে। এর কয়েক দিন আগেও তাদের ঘরের পানির মোটর, কলসহ কয়েকটি জিনিসপত্র চুরি গিয়েছিল।
সবশেষ শনিবার রাতে দরজা ভেঙে স্বর্ণ, নগদ টাকা এবং আরও একটি মোটর নিয়ে যায় তারা। কে বা কারা এই চুরির ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো ধারণা করা যাচ্ছে না। তবে চোররা বাড়িতে কেউ নেই, বিষয়টি নিশ্চিত হয়েই চুরি করতে আসে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


























