তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা হয়ে নতুন করে আলোচনায় এসেছেন। চীনের জনপ্রিয় এই অভিনেত্রী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। বুধবার তাঁর পক্ষ থেকে সুখবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীরা নবজাতককে স্বাগত জানানোর পাশাপাশি তাং ওয়েই ও তাঁর পরিবারের জন্য শুভকামনা জানাচ্ছেন।
অভিনেত্রীর প্রতিনিধি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ং ও তাং ওয়েই দম্পতির এটি দ্বিতীয় সন্তান। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি পারিবারিক ছবি পোস্ট করে সুখবরটি জানান অভিনেত্রী। ছবিতে পরিবারের চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। সঙ্গে ছিল কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবি। প্রথম সন্তান সামারের প্রসঙ্গ টেনে তাং ওয়েই জানান, তাঁদের চার সদস্যের পরিবারের নতুন যাত্রা শুরু হয়েছে।
তবে সন্তান জন্মের খবর প্রকাশের আগেই কয়েক মাস ধরে তাং ওয়েইকে ঘিরে গুঞ্জন চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ের একটি অনুষ্ঠানে তাঁকে বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন অভিনেত্রী। তখনই নতুন অতিথিকে ঘিরে তাঁদের পরিবারের আনন্দের কথা জানিয়েছিলেন তিনি।
গত মাসে হংকংয়ে কিম তে-ইয়ংয়ের সঙ্গে তাং ওয়েইকে দেখা যাওয়ার পর আবারও সন্তান জন্মের আলোচনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বুধবার সুখবরটি প্রকাশ্যে আসায় সেই অপেক্ষার অবসান হলো। প্রায় এক দশক পর পরিবারে নতুন সদস্যের আগমনকে ঘিরে স্বাভাবিকভাবেই আনন্দে রয়েছেন অভিনেত্রী ও তাঁর স্বামী। ভক্তদের কাছেও খবরটি হয়ে উঠেছে বিশেষ আনন্দের।
১৯৭৯ সালে চীনে জন্ম নেওয়া তাং ওয়েই অভিনয়ে পা রাখেন ২০০৪ সালে। তবে আন্তর্জাতিক দর্শকদের কাছে তাঁর পরিচিতি আরও বাড়ে ২০১০ সালের চলচ্চিত্র ‘লেট অটাম’-এর মাধ্যমে। সিনেমাটির কাজ করতে গিয়েই দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পেশাগত সম্পর্ক ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। পরে ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন। ২০১৬ সালে এই দম্পতির প্রথম কন্যাসন্তান সামারের জন্ম হয়।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের জন্যও তাং ওয়েই দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। চীনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা এই অভিনেত্রীর নতুন সন্তান আগমনের খবর তাই স্বাভাবিকভাবেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের পর চীন ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনয়জীবনের সাফল্যের পর এবার পরিবারে নতুন সদস্যের আগমন তাঁর জীবনে যোগ করেছে আনন্দের আরেক অধ্যায়।


























