চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে দিনদুপুরে তালা ভেঙে এক প্রধান শিক্ষকের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও চেক বই লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার বরকল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৌলভীবাজারস্থ জাকির ম্যানশনের ৩য় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

বাসার তালা ভেঙে চুরির ঘটনা।

ভুক্তভোগী নুরুল কবির চৌধুরী (৫৪) চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক। তার স্ত্রী হানিফা বেগম কানাইমাদারী কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষিকা।

চন্দনাইশে ভাড়া বাসায় চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন প্রধান শিক্ষক নুরুল কবির চৌধুরী।

অভিযোগ সূত্রে জানা যায়, এদিন সকালে স্বামী-স্ত্রী দুজনেই বাসায় তালা দিয়ে কর্মস্থলে যান। দুপুর আনুমানিক ১টার দিকে তাদের মেয়ে নাফিসা মোবাশশিরা (১৩) স্কুল থেকে ফিরে দেখে বাসার দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখে রুমের জিনিসপত্র, কাপড়-চোপড় ছড়ানো-ছিটানো এবং স্টিলের আলমিরা খোলা।

ভুক্তভোগীর দাবি, আলমিরায় রক্ষিত তার স্ত্রীর ৭ ভরি স্বর্ণালংকার (চেইন ৩টি, হার ১টি, ব্রেসলেট ১টি, আংটি ২টি) যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং ৩টি চেক বই খোয়া গেছে। সব মিলিয়ে ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।

ভুক্তভোগী জানান, আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও পারিবারিক আলোচনার কারণে থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়েছে।

এ বিষয়ে চন্দনাইশ থানার এএসআই তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।