দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) শহরের রেলস্টেশন চত্বরে জামায়াতের শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. রাজিবুর রহমান পলাশ ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। তাঁর বক্তব্যে তৎকালীন সরকারের ভূমিকা এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখার বিষয়টিও উঠে আসে।

রাজিবুর রহমান পলাশ বলেন, ২৮ অক্টোবরের ঘটনার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী রাজনীতির সূচনা হয়েছিল বলে তাঁরা মনে করেন। এ সময় তিনি পিলখানা ট্র্যাজেডি ও শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে সেসব ঘটনার পেছনের প্রেক্ষাপটও তদন্তের দাবি জানান।

তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুল সালেহীনের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেল। এতে বক্তব্য দেন জামায়াতের ওলামা বিভাগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি তোজাম্মেল হক বকুল, সদর উপজেলা জামায়াতের আমির মো. মেহরাব আলী, সেক্রেটারি নুরুল্লাহ সরকার এবং ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মো. কামরুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার রেলস্টেশন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

কর্মসূচি থেকে বক্তারা ২৮ অক্টোবরের ঘটনার বিচার নিশ্চিত করতে তদন্ত ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।