স্পেনকে ন্যাটোর ‘খুবই খারাপ অংশীদার’ আখ্যা দিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
বুধবার ন্যাটোর মহাসচিব মার্ক রুটের উপস্থিতিতে ট্রাম্প জানান, তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, ন্যাটোতে স্পেন যথাযথভাবে দায়িত্ব পালন করছে না এবং প্রয়োজনীয় অর্থও পরিশোধ করছে না।
স্পেনকে লক্ষ্য করে ট্রাম্প বলেন, দেশটি একটি ‘ব্যর্থ দেশ’ এবং যুক্তরাষ্ট্র আর তাদের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায় না। এমনকি দুই দেশের মধ্যে যাতায়াতও বন্ধ করে দেওয়ার আহ্বান জানান তিনি।
ট্রাম্পের ভাষায়, স্পেনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা হলে একসময় তারাই আবার যুক্তরাষ্ট্রের কাছে ফিরে আসতে বাধ্য হবে। ন্যাটো জোটে স্পেনের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁর অসন্তোষ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতেও নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় এবং অতীতে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।
তবে সে সময় গ্রিনল্যান্ড সেই প্রস্তাবে সাড়া দেয়নি বলে দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষায়, ‘তারা তখন আমাদের পাশে ছিল না, অথচ আমরা সব সময়ই তাদের পাশে ছিলাম।’
একই অনুষ্ঠানে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ করার ঘোষণাও দেন। তাঁর এই ধারাবাহিক মন্তব্য ন্যাটো সম্মেলনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।




























