মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়া, দলের রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। একই সঙ্গে সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা করেন উভয় পক্ষ।
এনসিপির নেতারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন।
বৈঠকে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে জনমনে থাকা বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের বিষয় মার্কিন প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয়। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধিদল জানান, এই চুক্তি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে এবং উভয় দেশের নাগরিক উপকৃত হবেন।
বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব এবং গঠনমূলক সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষে অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ।


























