ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ২৫টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। রজতজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে ইতিবাচক ভূমিকা রেখে আসা প্রতিষ্ঠানগুলোর অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। ব্র্যাক ব্যাংকের ভাষ্য অনুযায়ী, দেশের করপোরেট পর্যায়ে এটি এ ধরনের প্রথম স্বীকৃতিমূলক আয়োজন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগটি ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ-এর সেবা, শুদ্ধাচার, অন্তর্ভুক্তি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আদর্শকে ধারণ করেই আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রযুক্তি, দারিদ্র্য বিমোচন, সংস্কৃতি, খেলাধুলা এবং আর্থিক অন্তর্ভুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সম্পাদক ইনাম আহমেদ। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।
সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসিআই গ্রুপ, ব্র্যাক, বিকাশ, গ্রামীণফোন, স্কয়ার গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতাল, আইসিডিডিআরবি, বিশ্বসাহিত্য কেন্দ্র, ছায়ানট, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, বিকেএসপি, নটর ডেম কলেজ, পিকেএসএফ-সহ মোট ২৫টি প্রতিষ্ঠান।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্প-সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে অসামান্য অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষভাবে নির্বাচন করা হয়েছে। এ জন্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর তত্ত্বাবধানে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন জুরি বোর্ড গঠন করা হয়েছিল, যারা যাচাই-বাছাই শেষে এই ২৫টি প্রতিষ্ঠান নির্বাচন করেন।
ব্যাংকটির মতে, এই সম্মাননা কেবল অর্জনের স্বীকৃতি নয়, বরং দেশের উন্নয়নে প্রতিষ্ঠানগুলোর অবদানকে আরও অনুপ্রাণিত করার একটি উদ্যোগ। ভবিষ্যতেও সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ব্র্যাক ব্যাংক।





























