বর্ষায় ছাদবাগানের যত্ন একটু বাড়তি মনোযোগের দাবি রাখে। টানা বৃষ্টিতে গাছ যেমন সতেজ হয়ে ওঠে, তেমনি অতিরিক্ত পানি, স্যাঁতসেঁতে আবহাওয়া ও সূর্যের আলোর অভাবে রোগ, ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণও বেড়ে যায়। তাই এই মৌসুমে সঠিক পরিচর্যা নিশ্চিত করতে পারলে আপনার ছাদবাগান থাকবে সবুজ ও সুস্থ।
ঢাকার আসাদ গেটের ফলবীথি হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. রুহিদ হাসান জানিয়েছেন, বর্ষাকাল নতুন চারা রোপণের সবচেয়ে উপযুক্ত সময়। নিয়মিত বৃষ্টির কারণে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকে, ফলে নতুন গাছ দ্রুত শিকড় বিস্তার করতে পারে। তবে চারা লাগানোর সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।
নতুন গাছ কেনার পর সঙ্গে সঙ্গে রোদে বা ছাদে রেখে দেওয়া ঠিক নয়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গাছকে অন্তত ৪ থেকে ৫ দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এরপর টবে রোপণের সময় নিচে ইটের খোয়া বা বালুর স্তর দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ভারী বৃষ্টির দিনে নতুন চারা রোপণ না করাই ভালো। আকাশ পরিষ্কার হলে বা বৃষ্টি কমে গেলে গাছ লাগালে শিকড় সহজে মাটির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এতে চারার ক্ষতির আশঙ্কাও কমে যায় এবং গাছ দ্রুত বেড়ে ওঠে।
বর্ষাকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টব বা ড্রামে পানি জমতে না দেওয়া। অতিরিক্ত পানি জমে থাকলে গাছের শিকড় পচে যেতে পারে। তাই মাটি ভেজা থাকলে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। নিয়মিত মাটির আর্দ্রতা পরীক্ষা করে তবেই সেচ দেওয়া উচিত।
এ সময় গাছের মরা, শুকনো বা রোগাক্রান্ত ডাল ও পাতা দ্রুত ছেঁটে ফেলতে হবে। বর্ষাকালে গাছ দ্রুত নতুন ডালপালা গজাতে পারে, তাই প্রুনিং করার জন্য এটি উপযুক্ত সময়। তবে ডাল কাটার স্থানে হলুদের গুঁড়া বা ছত্রাকনাশক ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি কমে।
স্যাঁতসেঁতে আবহাওয়ায় পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ বেড়ে যায়। বিশেষ করে মরিচসহ কিছু সবজি গাছে মাকড়সার আক্রমণ বেশি দেখা যায়। তাই নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী অনুমোদিত মাকড়নাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে।
গাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে সঠিক সময়ে সার প্রয়োগও জরুরি। বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ফল ও ফুলগাছে বছরে দুই দফায় সার দেওয়া উচিত। একবার বর্ষার শুরুতে এবং আরেকবার বর্ষা শেষে। এতে গাছ প্রয়োজনীয় পুষ্টি পায় এবং ফলনও ভালো হয়।
ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সময় বড় গাছগুলোকে শক্ত খুঁটির সঙ্গে বেঁধে রাখা উচিত। লতানো গাছের মাচা মজবুত আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। এছাড়া ছোট টবগুলো নিরাপদ স্থানে সরিয়ে রাখলে ঝড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে।
বর্ষায় ছাদবাগানের যত্ন নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও সচেতন থাকতে হবে। টবের নিচের ট্রে, ভাঙা পাত্র বা ছাদের কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া জরুরি। নিয়মিত পরিচর্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্ষার পুরো মৌসুমজুড়ে আপনার ছাদবাগান থাকবে সবুজ, সতেজ এবং রোগমুক্ত।



























