ওমানের ভিসা ও দেশটির শ্রমবাজার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাস জানিয়েছে, সম্প্রতি ওমানের শ্রমবাজার ও ভিসা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ এবং ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’—এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তবে ওই বিজ্ঞপ্তিকে ওমান সরকারের পক্ষ থেকে দেশটির শ্রমবাজার উন্মুক্ত করার ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই।
কৃষি খাতে সীমিত ভিসার বিষয়টি কী? দূতাবাসের ব্যাখ্যা অনুযায়ী, সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির উদ্দেশ্য ছিল আল ধাহিরাহ অঞ্চলে কৃষি শ্রমিকের চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। প্রয়োজন দেখা দিলে শুধু ওই অঞ্চলের কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
অর্থাৎ, এ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাপকভাবে বিদেশি কর্মী নিয়োগ, ভিসা ইস্যু কিংবা ওমানের শ্রমবাজার সবার জন্য খুলে দেওয়ার কোনো ঘোষণা দেওয়া হয়নি।
অর্থ লেনদেনে সতর্ক থাকার আহ্বান দূতাবাস জানিয়েছে, ওমান সরকার বর্তমানে শ্রমবাজার পুনর্বিন্যাস ও ‘ওমানাইজেশন’ নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রেখেছে।
এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিসা-সংক্রান্ত প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে অর্থ না দেওয়ার জন্য বাংলাদেশিদের সতর্ক করা হয়েছে।
দূতাবাসের পরামর্শ, ওমানে কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি এবং ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্র অনুসরণ করতে হবে।
অগ্রগতি জানাবে দূতাবাস মাস্কাটের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওমানের ভিসা বা শ্রমবাজার নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা অগ্রগতি হলে তা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
তাই আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘ফ্রি ভিসা’ বা ‘শ্রমবাজার খুলে গেছে’ ধরনের তথ্যের ভিত্তিতে অর্থ লেনদেন কিংবা বিদেশে যাওয়ার প্রস্তুতি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



























